বিনোদন রিপোর্ট
আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তুরঙ্গমীর নতুন প্রযোজনা ‘হো চি মিন’-এর উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে। ভিয়েতনামের জাতির জনক, কিংবদন্তী নেতা হো চি মিন-এর জীবন, সংগ্রাম ও জীবনদর্শনের ওপর ভিত্তি করেই হো চি মিন প্রযোজনাটি নির্মিত হয়েছে। এখানে হো চি মিনের পাশাপাশি একটি বিশেষ মুহূর্তে দেখা যাবে আরেক কিংবদন্তী নেতা ভ্লাদিমির লেনিনকে। কোনো রাজনৈতিক নেতার জীবন ও দর্শনকে কেন্দ্র করে তৈরি এটিই বিশ্বের প্রথম আত্মজীবনীমূলক ড্যান্স থিয়েটার। আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ ও রাত ৮টা ৩০ মিনিটে প্রযোজনাটির দুটি প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো দর্শনীর বিনিময়ে সকলের জন্য উন্মুক্ত।
পরদিন ভিয়েতনামের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠান শেষে আবারো জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হো চি মিন মঞ্চায়িত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জানুয়ারি পূজা সেনগুপ্তের নির্দেশনায় তুরঙ্গমী, বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার ‘ওয়াটারনেস’ মঞ্চে আনে। মাঝে বেশকিছু স্বল্পদৈর্ঘ্যের প্রযোজনা নির্মাণ করলেও ৪ বছর বিরতির পর হো চি মিন প্রযোজনার মধ্য দিয়েই আবারো পূর্ণদৈর্ঘ্যের ড্যান্স থিয়েটার মঞ্চে আনছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। মূল ভাবনা, পাণ্ডুলিপি, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনায় রয়েছেন পূজা সেনগুপ্ত। সংগীত পরিচালনায় আছেন সুমন সরকার। প্রযোজনাটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে ভিয়েতনাম সরকার এবং ভিয়েতনাম দূতাবাস, বাংলাদেশ।
