মীর্জাগঞ্জের লঞ্চঘাট সড়ক খানাখন্দে ভরা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৭

মজিবুর রহমান, মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী লঞ্চঘাট সড়ক এখন আর সড়ক নয়, যেন পথচারীদের মরণ ফাঁদ। প্রতিদিন এ সড়কে ঘটছে ছোট খাট দুর্ঘটনা। প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজ না করায় উপজেলা সদরের এই প্রধান সড়কটি বেহাল হয়ে আছে।  ভুক্তভোগী এলাকাবাসী জানান, উপজেলা সদরের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় অধিকাংশ জায়গায় ছোট-বড় গর্ত হয়ে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কোথাও ইট সুড়কি উঠে মাটি বের হয়ে গেছে। এর ফলে একটু বৃষ্টি হলেই ওই সব খানাখন্দে পানি কাদা জমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এই প্রধান সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দর, মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, মীর্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার শরীফ ও লঞ্চঘাটসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। সেই সাথে এলাকার স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা এই সড়ক দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে থাকে। দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যানবাহনের পাশাপাশি জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। মীর্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান আহমেদ বলেন, এই সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট পটুয়াখালী এলজিইডি বিভাগে একখানা প্রাক্কলন প্রস্তুত করে পাঠানো হয়েছে। প্রস্তুতকৃত প্রাক্কলনটির অনুমোদন পাওয়া গেছে। অতি শিগগিরই জনগুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।