সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
সুন্দরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে মীরগঞ্জ ব্রিজ পার হচ্ছে দুই পাড়ের হাজার হাজার মানুষ ও যানবাহন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর সুন্দরগঞ্জ-রংপুর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ মীরগঞ্জ হাটের কাছে তিস্তার মরা খালের উপর মীরগঞ্জ ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণের পর ব্রিজটি মেরামত না করায় তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০১৭ সালে ঝুঁকিপূর্ণ ব্রিজটির পাশে ৮৫ মিটার দীর্ঘ আরসিসি গ্রিডার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ব্রিজটির নির্মাণ কাজ সমাপ্তির কথা থাকলেও তা আজও দৃশ্যমান হয়নি। ব্রিজ নির্মাণ এলাকাটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ দিয়েই রংপুর বিভাগীয় শহর, মীরগঞ্জ হাট ও সুন্দরগঞ্জ উপজেলা শহরে যানবাহনসহ ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত পারাপার করছেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর বলেন, ব্রিজটি রংপুরের পীরগাছা উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে। আমাদের করণীয় কিছু না থাকলেও আমরা পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজটির প্রবেশমুখে সাবধান মূলক বাক্য লিখে দিয়েছি।
পরীগাছা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে বাইপাস রাস্তা নির্মাণের ব্যবস্থা করার মতো অর্থ বরাদ্দ না থাকায় তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
