দেবব্রত মুখোপাধ্যায়
আফগানিস্তান কেমন ক্রিকেট খেলে?
টি-টোয়েন্টি বা ওয়ানডে আফগানিস্তান কেমন খেলে, তা সবারই জানা। বাংলাদেশের খেলোয়াড়রা হাতেকলমেই ব্যাপারটা জানেন। কিন্তু সমস্যা হলো, বড়ো দৈর্ঘ্যের ম্যাচে আফগানিস্তান ঠিক কেমন খেলে, সেটা দুনিয়ার বেশিরভাগ মানুষেরই অজানা। এ পর্যন্ত টেস্ট খেলেছে তারা মাত্র ২টি। ফলে এ সামান্য ফলাফল দিয়ে তাদের সম্পর্কে কিছু অনুমান করা কঠিন।
বাংলাদেশ দলের জন্য অবশ্য একটা সুবিধা আছে। তারা চাইলেই আফগানিস্তান দলটার বড়ো দৈর্ঘ্যের ম্যাচে চালচলন জেনে নিতে পারেন নুরুল হাসান সোহানের কাছ থেকে। বিসিবি একাদশের হয়ে আফগানিস্তান একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে তিনিই ছিলেন অধিনায়ক। সেখানে কাছ থেকে দেখেছেন আফগানদের। আর সেই দেখার অভিজ্ঞতা থেকে বলছেন, আফগানদের নিয়ে টেস্টে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই।
একটু যুক্তি দিয়েই সোহান নিজের অবস্থানটা ব্যাখ্যা করলেন। আফগানদের খেলার স্টাইল দেখে তার মূল্যায়ন হলো, ‘ওরা এখনো লংগার ভার্শনে বাংলাদেশের জন্য থ্রেট, এটা আমার মনে হয়নি। এটা ঠিক যে, আমরা (বিসিবি একাদশ) ওদের বিপক্ষে খুব ভালো করতে পারিনি। সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু আমার মনে হয়েছে, বাংলাদেশের যে তিন-চার জন কোয়ালিটি স্পিনার এবং কয়েক জন কোয়ালিটি ব্যাটসম্যান আছে; তাতে আফগানিস্তান খুব বেশি কিছু করতে পারবে না।’
অনুশীলন ম্যাচের প্রথম সেশনে আফগানিস্তানের একটা উইকেটও ফেলতে পারেনি বিসিবি একাদশ। খুব ভালো ফর্মে আছেন তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু সোহান মনে করেন, বাংলাদেশ জাতীয় দলের স্পিনারদের সামনে আফগানদের এ প্রতিরোধ খুব টেকসই হবে। তিনি একান্ত আলাপে বলছিলেন, ‘আমরা প্রথম সেশনে পেস বোলিং দিয়ে চেষ্টা করেছিলাম। এম এ আজিজ স্টেডিয়ামের উইকেটে পেসারদের জন্য কিছু ছিল না। পরে যেই আমরা স্পিন ব্যবহার করেছি, ওদের টপ অর্ডার, মিডল অর্ডার কিন্তু ধসে পড়েছে। এখন বিসিবি একাদশের স্পিন অ্যাটাকের চেয়ে জাতীয় দলের স্পিন অ্যাটাক তো অনেক ভালো। আমি জানি না, সাগরিকায় (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) কী ধরনের উইকেট হবে। তবে স্পিন উইকেট হলে ওরা লড়াই করে পারবে না। বাংলাদেশের টপ স্পিনারদের খেলা ওদের জন্য বিরাট চ্যালেঞ্জ হবে।’
কিন্তু রশীদ খান বা জহির খান?
এখন বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশীদ খান। তার সঙ্গে দারুণ ফর্মে আছেন চায়নাম্যান বোলার জহির খান। বিসিবি একাদশের বিপক্ষেও ৫ উইকেট পেয়েছেন। এদের সামলানো কি সহজ হবে বাংলাদেশের জন্য? সোহানের অভিজ্ঞতা বলছে, খুব কঠিন হবে না। একটু বিশ্লেষণ করেই বললেন, ‘রশীদ কোনো সন্দেহ ছাড়াই বেস্ট বোলারদের একজন। আর জহিরও ভালো ফর্মে আছে। কিন্তু ওরা অনেক বেশি লিমিটেড ওভারের মতো করে বল করতে অভ্যস্ত এবং সেটাই করছে। আমাদের ব্যাটসম্যানরা টেস্ট খেলে অভ্যস্ত। তারা ধৈর্য দেখালে আমার মনে হয় না, ওদের স্পিনারদের নিয়ে খুব ভয় পাওয়ার কারণ আছে।’ সবমিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে হতাশ হওয়ার কোনো কারণ দেখছেন না জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান। তিনি বলছিলেন, ‘বাংলাদেশ এখন ঘরের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। তারা তো এখানে স্পিন শক্তিশালী নিয়েই আসে। কিন্তু আমাদের এখানে এসে আমাদের স্পিনার ও ব্যাটসম্যানদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠা যে কারো জন্য কঠিন। আমি মনে করি, আফগানিস্তানের সঙ্গে আমাদের টেস্টটা খুব কঠিন কিছু হবে না।’
