স্পোর্টস ডেস্ক
বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন এক বছর। টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন ২০১৮ সালের আগস্টে। কিন্তু, সেখান থেকে ফিরে মাত্র তিনটি ইনিংস খেলেই হারানো আসন ফিরে পেলেন তিনি। আবারও টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা স্মিথ যে তিনটা ইনিংস খেলেছেন তার দুইটাতেই সেঞ্চুরি। একটাতে ৯২ রান। সব মিলিয়ে রান ৩৭৮। এবার এই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ হারানো রাজত্ব পুনরুদ্ধার করলেন তিনি।
দুই নম্বরে নেমে এসেছেন ভারতের বিরাট কোহলি। বিরাটের সময়টা ঠিক খারাপ যাচ্ছে, সেটা বলা যাবে না। তবে, নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে মাত্র দুইবার হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর একবার প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন সাজঘরে। আর এই ব্যাপারটাই পেছনে ফেলেছে কোহলিকে।
তাতে ভারতীয় অধিনায়কের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৯০৩। গতকাল মঙ্গলবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত নতুন র্যাংকিংয়ে কোহলির চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছেন স্মিথ। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৯০৪। স্মিথ অবশ্য রেটিং পয়েন্টটা দ্রুতই বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। কারণ, আজ থেকে শুরু হবে ম্যানচেস্টার টেস্ট।
ব্যাটসম্যানদের মধ্যে সেরা ১০-এ ফিরেছেন ভারতের আজিঙ্কা রাহানে। তিনি চার ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন। সর্বশেষ জ্যামাইকার সাবাইনা পার্কেও তিনি অপরাজিত এক হাফ সেঞ্চুরি পেয়েছেন।
জ্যামাইকায় প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করা ভারতীয় মিডলঅর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারিরও বেশ লম্বা অগ্রগতি হয়েছে। তিনি ৪০ ধাপ এগিয়ে চলে এসেছেন ৩০-এ।
স্মিথকে ছাড়িয়ে আবারও শীর্ষে ওঠার সুযোগ কোহলিও পাবেন। তবে, তার জন্য তাকে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। কারণ, নিজেদের মাটিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু হবে আগামী দুই অক্টোবর।
স্টিভেন স্মিথ প্রথম টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন ২০১৫ সালের ডিসেম্বরে। সেখান থেকে শুরু করে ২০১৫ সালের আগস্ট মানে আড়াই বছরের বেশি সময় তিনি সেই শীর্ষস্থানটা ধরে রেখেছিলেন।
জ্যামাইকা টেস্টে হ্যাটট্রিকসহ প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া জাসপ্রিত বুমরাহ উঠে এসেছেন বোলারদের র্যাংকিংয়ের সেরা পাঁচ-এ। বুমরা সাত থেকে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন তিনে। অন্যদিকে, ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার পাঁচ উইকেট নেওয়ার সুবাদে টেস্টের সেরা পাঁচে উঠে এসেছেন। তিনি ১১তম অবস্থানে থেকে টেস্ট শুরু করেছিলেন। সেখান থেকে সাত ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন চার নম্বরে। জ্যামাইকায় দ্বিতীয় ইনিংসে তিন উইকেট পেলেও এক ধাপ পিছিয়ে নয়ে নেমে গেছেন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ।
