বাংলাদেশকে সমীহ আফগান কোচের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩

জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস

বাংলাদেশে লম্বা সফরের জন্য মরুশহর আরব আমিরাতে নিজেদের প্রস্তুত করে এসেছে আফগানিস্তান। এদিকে গত শুক্রবার চট্টগ্রামে পৌঁছার পরের দিন অনুশীলন করে প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিয়েছে। ফলে প্রস্তুতিটা তাদের খারাপ হয়নি।

তারপরও বাংলাদেশকে এগিয়ে রাখলেন আফগান দলের কোচ অ্যান্ডি মোলস। গতকাল মঙ্গলবার দুপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অকপটে বললেন, ‘১৯ বছরের অভিজ্ঞ দল বাংলাদেশ। ইতিমধ্যে টেস্ট ঘরানার সব কয়টি দলের সঙ্গে খেলেছে তারা। বাংলাদেশকে সমীহ করছি আমরা। অভিজ্ঞতায় আমাদের চেয়ে তারা অনেক এগিয়ে। তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোকে পর্যন্ত নাকাল করেছে। সে তুলনায় আমরা নতুন দল। কনডিশনও বাংলাদেশের পক্ষে। সব মিলিয়ে এই মুহূর্তে সমীহ জাগানিয়া একটি দল বাংলাদেশ।’