চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের উদ্বোধন আজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল আয়োজনের মধ্যদিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ফুটবল মৌসুম। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ৯ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

প্রথম পর্বে দুই ভাগে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। আজ বুধবার বিকাল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন। উদ্বোধনী খেলায় অংশ নেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। টুর্নামেন্টের বাজেট প্রায় ৭ লাখ টাকা। এ অর্থ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ ৩০ ও ২০ হাজার টাকা প্রদান করা হবে। টুর্নামেন্টের স্পনসর মাসিক পত্রিকা দখিনা ও পিউরিয়া ফুড প্রোডাক্টস। তারা দিচ্ছে ৪ লাখ টাকা। বাদবাকি অর্থ দেওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার তহবিল হতে। দর্শকদের প্রবেশ করতে হবে টিকিট ক্রয় করে। টিকিটের মূল্য ২০ টাকা। পলাশ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান গেটের নিলাম নিয়েছে।

গত সোমবার সিজেকেএস মিডিয়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন তথ্য তুলে ধরেন ফুটবল কমিটির সম্পাদক মো. ইউসুফ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।