বিডার বিদায়ি চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম
ইত্তেফাক রিপোর্ট
ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করতে অনেকটাই এগিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ উন্নতি করতে নানা সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবসা শুরুর সময় হ্রাস পেয়েছে ৪৪ শতাংশ। শিল্পকারখানা ভবন নির্মাণের অনুমতিতে সময় হ্রাস পেয়েছে ৭৩ শতাংশ। বিদ্যুত্সংযোগ প্রাপ্তিতে সময় ১৪৮ দিন হতে ১০৭ দিনে নেমে এসেছে। বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন আইন সংস্কার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ওয়ানস্টপ সার্ভিস শুরু হয়েছে। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলে বিশ্বব্যাংকের ডুইং বিজনেস র্যাংকিং এ বাংলাদেশের অবস্থান ৫০টি শ্রেষ্ঠ দেশের তালিকায় উঠে আসবে। গতকাল আগারগাস্থ বিডার কার্যালয়ে শেষ কর্মদিবসে বিগত তিন বছরের কাজের অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। উল্লেখ্য, ২০১৬ সালে বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশনকে একত্রিকরণ করে সৃষ্টি করা হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রথম থেকেই সেখানে দায়িত্ব পান কাজী আমিনুল ইসলাম। গতকাল তার মেয়াদকাল শেষ হয়। বিডার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে সাবেক জ্যেষ্ঠ সচিব সিরাজুল ইসলাম। বিডা গঠনের পর এর অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় কাজী আমিনুল ইসলাম জানান, ইতিমধ্যে জাপান, চীন, সিঙ্গাপুর ও সৌদি আরবের মতো দেশ বিডার আহ্বানে অভূতপূর্ব সাড়া দিয়েছে। গত বছর সারা বিশ্বে যখন বিনিয়োগ ১৩ শতাংশ কমেছে, তখন রেকর্ড ৬৮ শতাংশ বিদেশি বিনিয়োগ বেড়েছে বাংলাদেশে। বেশ কয়েকটি উন্নয়ন দেশকে টার্গেট করে সেখান থেকে বিনিয়োগকারীদের বাংলাদেশে আনার কাজ করছে বিডা। নিউজিল্যান্ডের মতো বাংলাদেশেও সিঙ্গেল ডিরেক্টর কোম্পানি শুরু করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডার কৌশলগত পরিকল্পনা মাফিক বিনিয়োগকে শুধু ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক না রেখে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে এর অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেশব্যাপী নতুন ২৪ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্য বিডা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিতে লক্ষাধিক তরুণ-তরুণী নিবন্ধন করেছে। বিনিয়োগ সেবা পৌঁছে দিতে প্রত্যেকটি জেলা শহরে উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বিডা।
