ইত্তেফাক রিপোর্ট
গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে ৭৪৩টি অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিংবা ক্ষেত্রবিশেষে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত কিংবা আলাদা অভিযান পরিচালনা করা হয়েছে প্রায় ১ হাজার ৪০০। এসব অভিযানে ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এক সভায় এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক।
বাংলাদেশ স্টিল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, বিএসটিআই ১৮১টি পণ্যের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছে। সেসব প্রতিষ্ঠান এসব লাইসেন্স গ্রহণ না করে পণ্য বিপণন করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মহাপরিচালক জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে বিএসটিআই থেকে ২ হাজার ৬১৪টি লাইসেন্স প্রদান কিংবা নবায়ন করা হয়েছে।
সভায় স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা অবৈধ রড ও স্টিলজাতীয় পণ্য উত্পাদনে তাদের ক্ষতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা রড উত্পাদনকারী অবৈধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ শহিদউল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
