নোয়াখালী প্রতিনিধি
দেশ জুড়ে নারী ও শিশুর ওপর সংঘটিত নির্যাতন, ধর্ষণ, হত্যা ও সহিংসতার প্রতিবাদে এবং এবিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংস্কার এবং প্রয়োগ নিশ্চিতের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন করে বিভিন্ন পেশাজীবী ও বেসরকারি উন্নয়ন সংস্থা।
এতে অংশগ্রহণ করে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), এনআরডিএস, এফপিএবি, বন্ধন, গান্ধী আশ্রম ট্রাস্ট, প্রচেষ্ট নারী উন্নয়ন মেলা, মানবাধিকার সংগঠক, সাংবাদিক, আইনজীবী, তরুণ উদ্যোক্তারা। এ সময় বক্তব্য রাখেন—নোয়াখালী নারী অধিকার জোটের সভানেত্রী লায়লা পারভীন, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি অ্যাডভোকেট গোলাম আকবর, ইনডিপেনডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু ও নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার যুগ্ম-আহ্বায়ক ও প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, নারীর ওপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। এজন্য নারীবিদ্বেষী মানসিকতা, আচরণ ও সংস্কৃতি পরিহার করা, নারীর ওপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা, ঘটনার তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশ, ডাক্তার ও সংশ্লিষ্ট প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা, প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে জনগণের আস্থা ও আশ্রয়স্থলে উন্নীত করতে হবে।
বান্দরবান প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন দুর্বার ও নারীপক্ষ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক শতাধিক নারী-পুরুষ লোকজন অংশ নেয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন দুর্বারের চট্টগ্রাম বিভাগের সভাপতি ডনাই প্রু নেলী, দুর্নীতি দমন কমিশনের বান্দরবান জেলা সভাপতি অংচ মং মারমা, আইনজীবী উম্যাসিং মারমা, নারী নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা প্রমুখ।
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, মঙ্গলবার সকালে উপজেলার চর সেকান্দর সফিক একাডেমির মাঠে বেসরকারি সংস্থা নিজেরা করি ও ভূমিহীন সংগঠন সমাবেশের আয়োজন করে। সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলার ভূমিহীন সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। চর সেকান্দর ভূমিহীন গ্রাম কমিটির সভাপতি মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—সফিক একাডেমির প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন, সহকারী শিক্ষিকা অনিমা রানী দাস, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মো. নাছিম উদ্দিন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস, কর্মসূচি সংগঠক মো. জাহাঙ্গীর হোসেন, ভূমিহীন সমিতির রামগতি অঞ্চল সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, চর ডাক্তার ভূমিহীন গ্রাম কমিটির সাধারণ সম্পাদক জয়শ্রী রানী দাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে চলেছে। নির্যাতনকারীদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
