গোদাগাড়ী-মন্ডুমালা সড়ক বেহাল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১

চলাচলকারীদের দুর্ভোগ

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

এলজিইডির গোদাগাড়ী-মন্ডুমালা আঞ্চলিক সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে যাত্রীদের। আর প্রতিদিনই ঘটছে ছোটো বড়ো দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, গোদাগাড়ীর জৈটাবটতলা থেকে মন্ডুমালা আট কিলোমিটার সড়কের গোবিনপুর, চান্দলাই, পাঁকা, সাতপুকুরিয়াসহ বিভিন্ন জায়গায় খোয়া ওঠে ছোটো বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ছোটো যানবাহনও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাচ্ছে না। সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন লোকজনকে দাপ্তরিক কাজে উপজেলা সদর গোদাগাড়ীতে আসতে হয়। কিন্তু সড়কের অবস্থায় খারাপ হওয়ায় চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাতপুকুরিয়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন জানান, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভেঙে পড়তে পারে রাজশাহীর আরেক উপজেলা তানোরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। এ সড়কে রাতে যানবাহন ও ট্রাকগুলো খানাখন্দে দুর্ঘটনার কবলে পড়ছে।

মন্ডুমালা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রাকের চালক গোলাম মোস্তফা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। ট্রাকে মালামাল ভর্তি করে নিয়ে ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। গর্তে পড়ে যানবাহনের চাকা, বিয়ারিংগুলো নষ্টসহ ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। যার ফলে নির্দিষ্ট সময়ে মালামাল গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষতির শিকার হতে হচ্ছে।

মোহনপুর ইউপির ওয়ার্ড সদস্য হাসান ইমাম বাবু বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে চলাচল করতে হয়। বিশেষ করে অসুস্থ রোগীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। তাই বৃহত্তর স্বার্থে সড়কটির জরুরিভাবে সংস্কার প্রয়োজন।

গোদাগাড়ী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মোস্তাক আহমেদ বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে যাতায়াতে সমস্যা হচ্ছে। সড়ক সংস্কারের জন্য রাজশাহী এলজিইডি অফিস থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু করা হবে বলে তিনি জানান।