গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে গৌরনদীকে জেলায় উন্নীত করা হবে। এটা আমার মরহুম পিতা আব্দুর রব সেরনিয়াবাত এর স্বপ্ন ছিল। তাই আপনারা আমাকে শেষবারের মতো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের আশা পূরণ করবো।
শনিবার বিকেলে উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচএম শাহজাহান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন প্রমুখ।
