বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশে বাবাকে বাঁচাতে গিয়ে সংঘবদ্ধ ডাকাতদের অস্ত্রের এলোপাতাড়ি কোপে রেজাউল করিম বিজয় নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হন ঐ যুবকের বাবা বেলায়েত হোসেন।

সোমবার রাতে উপজেলার সেকান্দরদী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তা বেলায়েতকে মারধর করে লুটের চেষ্টা চালায়। এ সময় ছেলে রেজাউল করিম বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে ডাকাতরা তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রাতেই আহত বাবা ও ছেলেকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিত্সক রেজাউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা বেলায়েতকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বাবাকে বাঁচাতে গিয়ে ডাকাতদের অস্ত্রের কোপে রেজাউল করিম নিহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলকে ধরতে পুলিশি অভিযান চলছে।