ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল চালক নাজমুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া সাহাপাড়া গ্রামের আমছারের ছেলে।
নাজমুল জানান, তিনি প্রতিদিনই বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাজারে আসা-যাওয়া করেন। সোমবার রাতে রূপপুর মোড় হতে পাকুড়িয়া সাহাপাড়া এলাকায় নিজবাড়িতে যাচ্ছিলেন। দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কে উপজেলার সাহাপুর পাঠশালা মোড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা দুই জন দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা আগে থেকে পরিকল্পনা করেই তাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক তাসনিম তামান্না স্বর্ণা বলেন, ছুরির আঘাতে নাজমুলের গলায় বড়ো ক্ষতের সৃষ্টি হয়েছে। বেশ রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
