ইবিতে কর্মকর্তাদের কর্মবিরতি অব্যাহত ভিসিকে হুমকি দেওয়ায় ক্ষোভ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ক্যাম্পাসের কর্মঘণ্টা কমানো, চাকরির বয়সসীমা বৃদ্ধি এবং বেতনস্কেল বাড়ানোর দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন কর্মকর্তারা। এদিকে ঐ আন্দোলন থেকে ভাইস চ্যান্সেলর ড. রাশিদ আসকারীকে হুমকি দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান বলেন, তিন দফা দাবি যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব।

প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান বলেন, কর্মকর্তা সমিতির দাবি থাকতেই পারে, আন্দোলন করারও তাদের অধিকার আছে, তবে এর অর্থ লাগামহীন বক্তব্য নয়। উপাচার্য সম্পর্কে অনভিপ্রেত বক্তব্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, সরকারি নিয়মনীতিকে সমুন্নত রেখে যে কোনো যৌক্তিক দাবির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা গৃহীত হবে। আমি প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।