রংপুর অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি কর্পোরেশন ও রংপুর সদর) আসনে বিএনপির প্রার্থী বাদ দিয়ে পিপলস পার্টির রিটা রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। রিটা রহমানের নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুসে উঠেছে রংপুরের বিএনপির নেতা-কর্মীরা। এই মনোনয়নের প্রতিবাদে রিটা রহমানকে প্রত্যাখ্যান করে শুক্রবার সন্ধ্যায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বিভিন্ন মহলে খোঁজ নিয়ে জানা গেছে রিটা রহমানকে চেনা তো দূরের কথা অনেকে তার নামই শুনেনি। রিটা রহমানের মনোনয়নের খবরে অনেকেই হতবাক হয়েছেন তারা।
কে এই রিটা রহমান?
বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউর রহমানের সরকারের সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, যিনি সাংবাদিকও। রিটা রহমানের স্বামী পলাতক মেজর (অব) খায়রুজ্জামান ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু এবং ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার আসামি।
অনেকেই অভিযোগ করেছেন, স্বামী মেজর (অব.) খায়রুজ্জামানকে বাঁচাতে তিনি বিএনপি জোটে স্থান করে নিয়ে সংসদ নির্বাচনে মাঠে নেমেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট ভাঙাভাঙির মধ্যেই গত ৪ নভেম্বর রিটা রহমানের নেতৃত্বে আরেকটি নতুন রাজনৈতিক দল ‘পিপলস পার্টি অব বাংলাদেশ’-এর (পিপিবি) আত্মপ্রকাশ ঘটে। এই দলের আহ্বায়ক হলেন রিটা রহমান।
