বরিশাল অফিস
নারী ও শিশুর প্রতি একের পর এক নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে নগরীতে মঙ্গলবার মানববন্ধন হয়েছে। নারীপক্ষ ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বরিশাল শাখার যুগ্ম সম্পাদক প্রতিমা সরকার, এসইউভিওর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, বিএসডিপির প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিএমকেএসর পরিচালক কাওছার পারভীন প্রমুখ।
মানববন্ধনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট এবং তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মসহ বিভিন্ন যুব সংগঠন একাত্মতা প্রকাশ করে।
বক্তারা হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে কমিটি গঠন করে নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত সকল আইন বাস্তবায়নের অগ্রগতি ও প্রতিবন্ধকতা নিয়মিত পরিবীক্ষণ ও যথাযথ নির্দেশ দিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।
