কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক এক্স-রে মেশিন দেড় যুগ এবং দুটি অচল হয়ে পড়ে আছে চার বছর ধরে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিত্সা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। জরুরি প্রয়োজনে তারা কাউনিয়া থেকে ২৫ কিলোমিটার দূরে রংপুর জেলা সদরে গিয়ে অনেক টাকা ব্যয় করে এক্স-রেসহ প্যাথলজিক্যাল পরীক্ষা করাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস জানান, শুধু এক্স-রে মেশিনগুলোই নয়, দীর্ঘদিন ধরে ইসিজি মেশিন, রক্ত সংরক্ষণের রেফ্রিজারেটর এবং ডিসটিল ওয়াটার তৈরি মেশিন চালু করা সম্ভব হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার ব্যাপারে কর্তৃপক্ষকে বার বার জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল হয়নি। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা সমপ্রতি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুনশিকে মৌখিকভাবে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উলফত্ আরা বেগম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা জেনেছি। বিষয়গুলো জেলা সভায় উপস্থাপনও করেছি। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না।
