শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শ্রীবরদীর আবুয়ারপাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় লুটপাট ও ভাঙচুর করা হয়। হামলায় আহত হন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী সুরেজা বেগমসহ ৪/৫ জন।
প্রত্যক্ষদর্শী ও আহত পরিবারের লোকজন জানায়, শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রেজ্জাকের নাতি শিশু বাবু ও শামিম মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী নয়াপাড়া গ্রামের চুক্কা মিয়ার নাতি মনিরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় মনির তাদের বাড়ির ২৫/৩০ জন লোক নিয়ে লাঠিসোটাসহ মৃত মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে। এক পর্যায়ে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে।
মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রেজ্জাকের মেয়ে শিরিনা বেগম জানান, হামলাকারীরা তাদের ঘরের শোকেসের তালা ভেঙে মুক্তিযোদ্ধা ভাতা ও ঋণের ২ লাখ ৫৫ হাজার টাকা লুট করে। পরে তাদের ডাক চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তার মা সুরেজা বেগম ও এক শিশুসহ ৪/৫ জন আহত হয়। পরে সুরেজা বেগমকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত চুক্কা মিয়ার চাচাত ভাই ও স্থানীয় সাবেক ইউপি সদস্য সুরুজ আলী বলেন, তাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। তুচ্ছ ঘটনা নিয়ে তারা এ অভিযোগ করেছে।
থানার অফিসার ইনচার্জ রহুল আমিন তালুকদার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
