সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। এস এম রফিকুল ইসলামকে সভাপতি ও মো. মোসারফ হোসেন পিপলুকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গত রবিবার গঠন করা হয়। কমিটিতে মো. মিজানুর রহমান রিপন, মো. জহিরুল হক, একে সালাউদ্দিনসহ ৯ জনকে সহসভাপতি, মো. ফয়েজ খান ও আবদুল কাইয়ুম জুয়েলকে যুগ্ম সম্পাদক, কামরুল হাসানকে সাংগঠনিক, এমদাদুল হক আবুলকে অর্থ ও পরিকল্পনা এবং মো. আবু তাহেরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে কমিটির বিভিন্ন পদে মোট ৮১ জন এবং ৭০ জনকে সম্মানিত সদস্য করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. সালাহ উদ্দিন ভূঁইয়া নয়ন ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ এ কমিটির অনুমোদন দেন।

অভিভাবকদের নিয়ে মা সমাবেশ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সোমবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার ভিত্তি, উন্নত জীবনের দীপ্তি’ স্লোগানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের অংশগ্রহণে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। উপজেলার নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, সহকারী শিক্ষা কর্মকর্তা সাখায়াত হোসেন প্রমুখ।

মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় উদ্বোধন

পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাছিমা আফরোজা দিলিপ কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সুচনা হক, রিয়া হক, ফারজানা আক্তার প্রমুখ।

বানারীপাড়ায় শিক্ষার মানোন্নয়নে সভা

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়ায় এই প্রথম শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। সভায় সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ আব্দুল্লাহ সাদীদ।