ইত্তেফাক রিপোর্ট
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে শিগিগরই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমাদের প্রয়োজন নিষ্ঠা একাগ্রতা ও কঠোর পরিশ্রম। গতকাল মঙ্গলবার বনানীর টি এন্ড টি আদর্শ হাইস্কুল মাঠে হুয়াওয়ে বাংলাদেশ টেকনোলজিস এর আয়োজনে কড়াইল বস্তির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, চীন একদিন বাংলাদেশের মতো ছিল কিন্তু চেষ্টা ও সাধনার মাধ্যমে আজ চীন পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দেশ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, বাংলাদেশ টেকনোলজিস এর সিইও জেন জিংজুন উপস্থিত ছিলেন। লি জিমিং বলেন, বাংলাদেশ-চায়নার উত্তম প্রতিবেশি। দুই দেশের বর্তমান সম্পর্ক অত্যন্ত চমত্কার। এই সম্পর্ক দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। জেন জিংজুন বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সব ক্ষেত্রে ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখছে। হুয়াওয়ে এ কার্যক্রমের অংশ হতে চায়।
