নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা এক দিনে ১০ শতাংশ কমেছে

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৩৭৪৬

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০

চিকিত্সা নিয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছরের শুরু থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৪৫ জন। আর চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৮১১ জন। এ পর্যন্ত ৯৫ শতাংশ মানুষ চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১১১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৩৫ জন। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো চার জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জন। নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ শতাংশ কমেছে। এ বছর বর্ষার শুরুতেই ডেঙ্গু রোগ প্রকট আকার ধারণ করে। অন্য বছর সেপ্টেম্বরে রোগীর সংখ্যা বেশি হলেও এবার আগস্টেই আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে অর্ধলাখ ছাড়িয়ে যায়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ডেঙ্গুতে মৃত্যুর ১৮৮টি তথ্য পেলেও ৯৬টির ডেথ রিভিউ শেষে ৫৭ জনের ডেঙ্গুতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিকে, সোমবার সন্ধ্যায় ডেঙ্গুতে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে রহিমা খাতুন (৬০) নামে এক নারী মারা গেছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বাকি বিল্লাহর স্ত্রী। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার রাত ৩ টায় বিপ্লব দাশ (২৬) মারা গেছেন। তিনি দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামের মাস্টার পাড়ার সন্তোষ দাশের ছেলে।  সাতক্ষীরার তালায় বুকে ব্যথা (প্যানক্রাইসিস) রোগ দিয়ে শুরু এবং ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তানভির ইসলাম (২৬)। সোমবার রাত ১১টায় ঢাকার পান্থপথের হেলথ এ-হোপ হসপিটালে তিনি মারা যান। কুষ্টিয়ার দৌলতপুরের শ্যমনগর গ্রামের ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ জোসনা খাতুন (৫৫) চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। 

দক্ষিণে জরিমানা ১০ হাজার, উত্তরে ১ লাখ ২০ হাজার

বাড়ির সামনের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় দুই ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অন্যদিকে এডিস মশার লার্ভা পাওয়ায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দুই ভবন মালিককে জরিমানা করা হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। গতকাল নিজেদের আলাদা অভিযানে এসব জরিমানা করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এদিন ডিএসসিসির পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ১০০টি বাড়ি ও আটটি বেসরকারি বাণিজ্যিক ভবন পরিদর্শন করেন।