সাংবাদিক মামুনুর রশিদের নামে সড়ক হবে নড়াইলে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৪

সাংবাদিক মামুনুর রশিদের নামে তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় সড়কের নামকরণ করা হবে। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে মামুনের সতীর্থ ও সহকর্মীবৃন্দ আয়োজিত এক স্মরণসভায় এ ঘোষণা দেওয়া হয়। সেখানকার স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ আশ্বাস দিয়েছেন বলে অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সাংবাদিক হিসেবে মামুন যেভাবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তা বর্তমান সময়ে সবার জন্য শিক্ষণীয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মামুন আমার ছাত্র ছিল। তার মতো হাসিমুখের একজন ছেলে এত তাড়াতাড়ি চলে যাবে, তা ভাবা যায় না।

সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, মামুন যে পর্যায়ে যেভাবে সাংবাদিকতা করত, চাইলে সহজেই অনেক টাকার মালিক হতে পারত। কিন্তু তার মধ্যে সেই চিন্তাই ছিল না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, যুবলীগের উপদপ্তর সম্পাদক নাসিম রূপক, ইকবাল মাহমুদ বাবলু,  ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।