বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র, ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে কাজও করছে। তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা দেশে ফিরে যেতে উদ্ধুদ্ধ হন। সেখানে গিয়ে যেন তারা নিরাপদে বসবাস করতে পারেন। গতকাল মঙ্গলবার সিলেটের ঐতিহাসিক ক্বিনব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আমন্ত্রণে মঙ্গলবার দুপুরে নগরীর সুরমা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক ক্বিনব্রিজ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় তিনি প্রায় ৮৫ বছরের পুরোনো ব্রিজটি ঘুরে দেখেন। মার্কিন রাষ্ট্রদূত ক্বিন ব্রিজের উত্তর পাড়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ব্রিজের দক্ষিণ পাড় পর্যন্ত যান। এ সময় রাষ্ট্রদূত মিলার ব্রিজের পাশে স্থাপিত ঐতিহাসিক আলী আমজদের ঘড়ি দেখে ও এর সাইরেন শুনে মুগ্ধ হন। এ সময় তিনি বলেন, ক্বিন ব্রিজের সাথে আলী আমজদের ঘড়ি এর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। তিনি ক্বিন ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর পদক্ষেপে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর প্রশংসা করেন। এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ক্বিন ব্রিটিশদের তৈরি একটি ঐতিহ্যবাহী ব্রিজ। রাষ্ট্রদূত মিলার এর দুই পাড় ঘুরে দেখেন এবং ব্রিজের রক্ষণাবেক্ষণে তার সরকারের সহায়তা থাকবে বলে উল্লেখ করেন। ব্রিজ পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্মসচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাটোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থাপিত আমেরিকান কর্নার পরিদর্শন করতে সিলেট আসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
