বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশের সাব-ইন্সপেক্টরসহ বেশ কয়েকজন। সোম ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর—
ত্রিশাল (ময়মনসিংহ) : মোটরসাইকেল দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাজ্জাত সুফল (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি হিউম্যান রিচার্জ ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র। সাজ্জাত উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের ছেলে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে ।
শ্রীপুর (মাগুরা) : মাগুরার-শ্রীপুর সড়কের বরিশাট এলাকায় সোমবার রাতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রতন আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি কোদলা গ্রামের।
মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে বাস চাপায় সিরাজ আলী (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল উপজেলার গরেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পশ্চিম হাতলিয়া গ্রামের।
গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী লিমন খন্দকার (২৫) গতকাল ভোরে চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। লিমন উপজেলার হরিনমাড়ী গ্রামের খন্দকার মুনছুর মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরের নিয়ামতপুরে ট্রাকের চাপায় ফারুক হোসেন (২৮) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইউনিক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ (নীলফামারী) : মাইক্রোবাসের ধাক্কায় শমসের আলী (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারের সামনে এ ঘটনা ঘটে।
বাগমারা (রাজশাহী) : বেপরোয়া গতির সিএনজির ধাক্কায় রাজশাহীর বাগমারায় পুলিশের এক সাব-ইন্সপেক্টরসহ দুই জন আহত হয়েছে। আহতরা হলেন ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আব্দুর রহিম ও তার গাড়িতে থাকা আমিনুল ইসলাম।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলায় উলটা দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আশরাফুল হক আহত হয়েছেন।
