শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টা অব্যাহত আছে :বায়রা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৭

মালয়েশিয়াসহ উন্মুক্ত হতে যাওয়া নতুন শ্রমবাজারে সিন্ডিকেট হবে না এমন নিশ্চয়তা দিতে পারছে না জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। তবে শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বায়রা নেতারা। গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের বায়রা কার্যালয়ে মালয়েশিয়া ও সৌদি আরবের শ্রমবাজার নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় নেতারা এ কথা বলেন। সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে নিয়োগকর্তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে বায়রা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তারা।

অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্যে বায়রা সভাপতি বেনজীর আহমদ বলেন, সরকার মালয়েশিয়াসহ সব শ্রমবাজার খুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বায়রা সব সময় সিন্ডিকেটমুক্ত শ্রমবাজারের পক্ষে। তবে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে শ্রমবাজার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সরকারের প্রচেষ্টায় মালয়েশিয়াসহ সব বন্ধ শ্রমবাজার বায়রা সদস্যদের জন্য অচিরেই উন্মুক্ত হবে বলে আমাদের প্রত্যাশা। আমরা চাই, মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার যেন সিন্ডিকেটমুক্ত থাকে।

সৌদি আরবে নারী কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি এবং ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা চাইছি, যেসব নিয়োগকর্তার বিরুদ্ধে নারী কর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।