চ্যারিটেবল মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবারো আবেদন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩২

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও হাইকোর্টে জামিন চেয়েছেন। চলতি সপ্তাহে হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে। এর আগে এই মামলায় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়। এ প্রসঙ্গে তার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, অসুস্থতা ও লঘু দণ্ড এই গ্রাউন্ডে জামিন চাওয়া হয়েছে। দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের একটি বেঞ্চ জামিন আবেদন খারিজ করে দেওয়ায় আবারও অন্য বেঞ্চে জামিন চাওয়ার সুযোগ নেই। সেজন্য আইনিভাবে বিষয়টি আদালতে মোকাবিলা করা হবে।

গত বছরের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সাজা দেওয়া হয় মামলার অপর তিন আসামিকেও। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করেন। ওই আপিলে জামিন চেয়ে খালেদা জিয়া আবেদন দাখিল করেন। পরে হাইকোর্ট শুনানির জন্য আপিল গ্রহণ করে। পাশাপাশি নিম্ন আদালতের নথি আসা সাপেক্ষে জামিন আবেদন শোনা হবে মর্মে আদেশ দেয়। একইসঙ্গে দুই মাসের মধ্যে মামলার নথি হাইকোর্টে পাঠাতে বলা হয়। গত ২০ জুন ঐ নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে আসে। এরপরই তিনি জামিন চান। গত জুলাই মাসে তার ঐ জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।