মিঠাপুকুরে তিন দিনব্যাপী রোকেয়া মেলা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার ১৩৬তম জন্ম ও ৮৬তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়।

রোকেয়া দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম দিন রবিবার পুষ্পমাল্য অর্পণ, পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান ও গ্রুপ পরীক্ষা এবং তিন দিনব্যাপী রোকেয়া মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সোমবার দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, নাটিকা ও সাংস্কৃতিক আয়োজন। মঙ্গলবার শেষ দিনে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা।