মাগুরা প্রতিনিধি
সংরক্ষণের অভাবে মাগুরায় ৬টি বধ্যভূমি ধ্বংস হতে চলেছে। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না এখানে বধ্যভূমি ছিল। জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামসরা মাগুরা শহরে পিটিআই, ঢাকারোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে শতশত মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে ও নদীতে ভাসিয়ে দেয়। পিটিআইতে ছিল পাকবাহিনীর ক্যাম্প। এখানে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করে গণকবর দেয়া হতো। গণকবরগুলো সংরক্ষণ করা হয়নি। নতুন নতুন ভবন নির্মাণ হওয়ায় গণকবরগুলো ধ্বংস হয়ে গেছে। ঢাকারোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে নবগঙ্গা নদীতে শতশত মানুষকে হত্যা করে ভাসিয়ে দেয়া হতো। শালিখার ছয়ঘরিয়া নামকস্থানে মাগুরা-যশোর সড়কের দুই পাশে ১৩ শহীদ মুক্তিযোদ্ধা এবং হাজরা হাটি গ্রামে ৮ মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে। রাজাকাররা ফরিদপুরে যাওয়ার পথে এই ২১ জন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করেছিল। পরে ৩টি কবরে এদের গণকবর দেয়। আড়পাড়ার ডাক বাংলোটিতে পাকবাহিনীর ক্যাম্প ছিল। নদী পথে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ গেলে তাদের ধরে এনে নির্মম অত্যাচারের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দিত
মাগুরার জেলা প্রশাসক মোঃ আলী আকবর জানান, গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে।
