চৌহালীতে বিরোধের জের ধরে মামাদের হাতে দুই ভাগ্নে খুন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামাদের হাতে দুই ভাগ্নে নিহত এবং আরো ১ জন আহত হয়েছে। নিহত কাউছার হোসেন (২৩) এবং মিল্টন হোসেন (৩২) উপজেলার পূর্ব কোদালিয়া গ্রামের এনদাদ আলীর ছেলে।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বোয়ালিয়া গ্রামের বকুল হোসেনের সঙ্গে তার চাচাতো বোনের ছেলে মিল্টন হোসেনের সঙ্গে বেশ কিছু দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। হঠাত্ গত শুক্রবার বিকেলে বিবাদমান জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার কয়েক মামা ও মামী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালালে তিনজনই গুরুতর আহত হয়। এরপর তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কাউছারের অবস্থার অবনতি হলে গভীর রাতে ঢাকা নেবার পথে সে মারা যায়। এ ছাড়া শনিবার দুপুরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বড় ভাই মিল্টন মারা যায়। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।