মুহাম্মদ দিদারুল আলম
চট্টগ্রাম প্রতিনিধি
‘ও দুনিয়াকে রাখ ওয়ালে’ শিরোনামে মোহাম্মদ রফির গান গেয়ে দর্শকদের আবেগে ভাসালেন শিল্পী শাহরিয়ার খালেদ। পাশাপাশি দ্বৈত গানে অংশ নেন শিল্পী প্রিয়া চক্রবর্তী। গানের মধ্য দিয়ে স্মরণ করা হয় সংগীতশিল্পী মোহাম্মদ রফিকে।
মোহাম্মদ রফির গান শুনে বেড়ে উঠেছেন আমাদের দেশের কয়েক প্রজন্মের মানুষ। তাই এই মহান শিল্পীর স্মরণে কোনো সংগীত সন্ধ্যার আয়োজন করা হলে দর্শক থাকবে কানায়-কানায় পূর্ণ এটাই স্বাভাবিক।
গত ৩ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ আয়োজিত স্মরণ সন্ধ্যায়ও এর ব্যতিক্রম দেখা যায়নি।
শুরুতে শিল্পী শাহরিয়ার খালেদ পরপর পরিবেশন করেন ষাটের দশকের বেশকিছু জনপ্রিয় গান। এগুলো হলো—তোমাদের আশীর্বাদের, কাভি খুদপে, এহসান তেরা হোগা মোঝপার, বাহারো ফুল বার ছাও, তেরি পেয়ারি পেয়ারি সুরাতকো, চৌরদভি কা চাঁদ হো, তবে চোখে নেমে আসা, ও দূর কে মুসাফির, মেরি কাহানি ভুলনেওয়ালে।
মোহাম্মদ রফির এসব গান শিল্পী শাহরিয়ার খালেদের কণ্ঠে মন্ত্রমুগ্ধের মতো শোনেন উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানে শিল্পী শাহরিয়ার খালেদ একক গানের পাশাপাশি দ্বৈত গান করেন শিল্পী প্রিয়া চক্রবর্তীর সঙ্গে। গানগুলো হলো—আভি না যাও ছোড়কার, হাম তুম ইয়ে বাহার, শও সাল পেহেলে, মুহাব্বত কালো জি ভারলো, মিল মিল কে গায়েঙ্গে, ভুলা নেহি দে না, তুঝে জিওনকি ডোরসে, তেরি দুনিয়াছে দূর, জো ওয়াদা কিয়া ও।
এছাড়া দর্শকদের অনুরোধের চিরকুট থেকে বেশকিছু জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মোহিত করেন শিল্পীরা। সংগীতানুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী কংকন দাস।
