মো. তসলিম উদ্দিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আলোচনা, সংগীত, নৃত্য, কোরিওগ্রাফি আর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আলকাপ ও গম্ভীরা পরিবেশনের মধ্য দিয়ে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের যুগপূর্তি উত্সব উদযাপন করা হয়েছে। গত রবিবার বিকেলে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এ উত্সবের আয়োজন করা হয়।
হাসিব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রয়াস ও প্রয়াস ফোক থিয়েটারের অবদান তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস এ এম ফজল-ই-খুদা।
অভিব্যক্তি তুলে ধরেন সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, পরিচালক হাসিব হোসেন, আলেয়া ফেরদৌস, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, গৌরি চন্দ্র সিতু, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, চাঁপাইবনাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম, কবি এনামুল হক তুফান, চাঁপাই গম্ভীরা দলের নাতি ফাইজুর রহমান মানি, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার মুনিরুল ইসলামসহ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আলোচনার মাঝে মাঝে সংগঠনটির শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা আগত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
