এর আগেও বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নন্দিত অভিনেত্রী সোহানা সাবা। তবে এবারই প্রথম অনেক বড় পরিসরে কোনো রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন তিনি। গত সপ্তাহ থেকে এনটিভিতে প্রচারিত হচ্ছে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজিত ‘পালসার স্ট্যান্ট ম্যানিয়া’ রিয়েলিটি শো। যে রিয়েলিটি শোয়ের অন্যতম কাজ হলো সারা দেশের মধ্যে সেরা বাইকার খুঁজে বের করা। এর মধ্যে আট হাজার জন বাইকার থেকে ত্রিশ জনকে চূড়ান্ত করা হয়েছে। আর এই ত্রিশ জনের মধ্য থেকেই স্ট্যান্ট সুপারস্টারকে খুঁজে বের করবেন সোহানা সাবা। ভিন্ন ধরনের একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘সত্যি বলতে কী, আমাদের দেশে রিয়েলিটি শোয়ের গণ্ডিটা এখনো গান, নাচ, অভিনয়সহ আরো কিছু ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে রিয়েলিটি শোয়ের বিষয়ের ব্যাপ্তি অনেক বেশি। নানা ধরনের রিয়েলিটি শোয়ের মধ্যদিয়ে অদ্ভুত সব প্রতিভা খুঁজে বের করা হয়। এই শোয়ের মধ্যদিয়ে বাংলাদেশে রিয়েলিটি শোয়ের ধারণা বদলাবে বলেই আমি মনে করি। তাছাড়া একজন বিচারক হিসেবে কাজ করতে গিয়ে বাইকারদের মধ্যে যে চ্যালেঞ্জ আমি দেখছি তাও দারুণ উপভোগ করছি। আশা করা যাচ্ছে, আমরা সত্যিকারের আগ্রহী স্ট্যান্ট সুপারস্টারকে এই রিয়েলিটি শোয়ের মধ্যদিয়ে খুঁজে পাব।’ সোহানা সাবা জানান, এই রিয়েলিটি শোয়ে যিনি চ্যাম্পিয়ন হবেন, অর্থাত্, যিনি হবেন ‘স্ট্যান্ট সুপারস্টার’ তিনি পাবেন দশ লক্ষ টাকা ও একটি নতুন বাইক।
