প্রতীকের ‘প্রেমে দিওয়ানা’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩

সাম্প্রতিক সময়ে বরেণ্য সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ গানদুটি দিয়ে সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আবারও ঠিক তেমনই ধরনের একটি মজার গান নিয়ে আসছেন প্রতীক হাসান। তার এবারের গানের শিরোনাম ‘প্রেমে দিওয়ানা’। গানটির কথা লিখেছেন সাঈদ আতিক এবং সুর-সংগীত করেছেন মাস্টার ডি। এর মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ। শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হবে বলে জানান প্রতীক। তিনি বলেন, ‘সত্যি বলতে কী, গান এখন একটি প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি ভালো গান দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেলে আরো একটি ভালো গান করার জন্য পরবর্তীকালে আরো বেশি শ্রম-মেধা দিয়ে কাজ করতে হয়। কারণ এই সময়ে নতুন গান মানেই হলো নতুন আরো একটি চ্যালেঞ্জ। তাই আমার কাছে মনে হয় ভালো ভালো গান প্রকাশের একটি প্রতিযোগিতা চলছে এই সময়ে। যথারীতি আমিও চেষ্টা করি ভালো গান প্রকাশের। ঠিক তেমনি একটি ভালো গান, মজাদার একটি গান ‘প্রেমে দিওয়ানা’। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ প্রতীক জানান সেপ্টেম্বরের শেষেই গানটি প্রকাশিত হবে। এদিকে গত বৃহস্পতিবার প্রতীক ও লুইপা রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। প্রতীকের কাছে এই প্রজন্মের সেরা দুজন সংগীতশিল্পী হচ্ছে লুইপা ও নন্দিতা। হাছিবুল ইসলাম মিজানের ‘জন্ম’ সিনেমায় প্রথম প্লে-ব্যাক করেন প্রতীক হাসান। এই সিনেমার ‘সুখ তুই আয় একবার জীবনে আয়, এত যন্ত্রণা নিয়ে জীবনে বেঁচে থাকা দায়’ গানটিতে কণ্ঠ দেন তিনি। গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি শাকিব খানের লিপে ব্যবহূত হয়েছিল। সিনেমার বাইরে প্রতীকের প্রথম মৌলিক গান শফিক তুহিনের লেখা ও রাজেশের সুর সংগীতে ‘মাঝে মাঝে দেখা দাও, প্রতিদিন কেন দেখা  দাও না’।