‘ড্রিমগার্ল’-এর নায়িকা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩

 রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

তাকে সবাই এত দিন ‘পাঞ্চনামা গার্ল’ হিসেবে জানত। এ নামেই তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। ফলে তার আসল নাম নুসরাত বারুচা হারিয়ে যেতে বসেছিল। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি সিনেমা ‘পেয়ার কা পাঞ্চনামা’য় নেহা চরিত্রে অভিনয়ের মাধ্যমে অগণিত সিনেমা-দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। ওই ছবিতে আরো অভিনেতা-অভিনেত্রী থাকলেও নুসরাত বারুচার কথা দর্শক বেশ ভালোভাবেই মনে রেখেছে। এরপর ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবিতে সুইটি শর্মা চরিত্রে তাকে দেখেছেন দর্শক। এখানেও নুসরাত দারুণ সফল। গত ১৩ বছরের ফিল্মি ক্যারিয়ারে বেশ কিছু হিন্দি সিনেমায় তাঁকে দেখা গেছে প্রধান নারী চরিত্রে। ২০১৫ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা টু’তে তাকে আবার দেখা গেছে রুচিকা খান্না ওরফে চিকুর ভূমিকায়। নুসরাত অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কাল কিসনে দেখা’, ‘লাভ সেক্স আউর ধোঁকা’, ‘আকাশ বাণী’, ‘ডর অ্যাট দ্য মল’, ‘মিরুথিয়া গ্যাংস্টারস’ প্রভৃতি। কয়েকটি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন ৩৪ বছর বয়সী এই সুন্দরী। মুম্বাইয়ের মেয়ে নুসরাতের বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী। দাউদি বোহরা সম্প্রদায়ের এই মেয়ে ২০০৬ সালে বলিউডে পা রেখেছিলেন ‘জয় সন্তোষী মা’ ছবির মাধ্যমে। এরপর তার অভিনীত সায়েন্স ফিকশন রোমান্টিক ড্রামা ‘কাল কিসনে দেখা’ চরমভাবে ফ্লপ করলে নুসরাত অনেকটা হতাশ হয়ে পড়েন। যদিও এরপর নিরীক্ষা ধাঁচের সিনেমা ‘লাভ সেক্স আউর ধোঁকা’র সুবাদে দর্শক ও সমালোচকদের নজর কাড়তে সক্ষম হন তিনি। মজার ব্যাপার হলো, বড় বাজেটের নামীদামি নির্মাতার জনপ্রিয় তারকাবহুল সিনেমায় নুসরাত বারুচা অভিনয়ের সুযোগ না পেলেও তার অভিনীত ছোট বাজেটের বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তুর সিনেমাগুলো বক্স অফিসে চমত্কার ফলাফল দেখিয়েছে। অনেকটা নীরবে নিভৃতে বিপুল সংখ্যক দর্শকের হূদয়ে ঠাঁই করে নিতে পেরেছেন তিনি। নুসরাত বারুচাকে আবার দেখা যাবে তেমনি একটি অন্য ধরনের রোমান্টিক কমেডি সিনেমা ‘ড্রিমগার্ল’-এ। নাহ, এ ছবিতে নাম ভূমিকায় অর্থাত্ ড্রিমগার্ল রূপে নয়, ছবির নায়ক আয়ুষ্মান খুরানার প্রেমিকার ভূমিকায় নুসরাতকে দেখা যাবে ডলি চরিত্রে। এ ছবির গল্পে নায়ক আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে একটি কলসেন্টারে নিজের গলার স্বর মেয়েলী করে বিভিন্ন কাস্টমারের নানা প্রশ্নের জবাব দেওয়া একজন যুবক লোকেশের ভূমিকায়। এর বাইরে বিভিন্ন নাটক, যাত্রা পালায় নারী সেজেও অভিনয় করে সে। সবার কাছে পূজা নামেই দারুণ জনপ্রিয় সে, যদিও প্রতিদিন বিভিন্ন ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। এমন এক যুবকের প্রেমিকা চরিত্রে অভিনয়ের ব্যাপারটি নুসরাত বারুচার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল, যা তিনি বেশ উপভোগ করেছেন বলা যায়। সাম্প্রতিক এক সাক্ষাত্কার নুসরাত বলেন, ‘আমার ১৩ বছরের অভিনয়জীবনে বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছি। তথাকথিত নায়িকা চরিত্রে অভিনয়ের দিকে আমার ঝোঁক ছিল না কখনো, সবসময় চেয়েছি ভিন্ন আঙ্গিকের রোলে নিজেকে যথাযথভাবে তুলে ধরতে। এক্ষেত্রে আমার প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে। বিভিন্ন ছবিতে দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন, আমার অভিনীত চরিত্রের নানা বিষয় তাদের মনে দাগ কেটেছে গভীরভাবে। ‘ড্রিমগার্ল’ ছবির গল্পটিও বেশ মজার, দর্শকদের অন্য ধরনের স্বাদ দিতে আসছে ছবিটি। আয়ুষ্মান খুরানা তার অভিনীত প্রতিটি ছবিতেই এক ধরনের চমক নিয়ে উপস্থিত হন। ‘ড্রিমগার্ল’ও তার আরেক দুর্দান্ত চমক সন্দেহ নেই। এত আমিও রয়েছি তার সঙ্গে। ব্যস, জমজমাট কিছু একটা উপভোগ করবেন সবাই, এটা নিশ্চিত।’ এ বছর তাকে আবার দেখা যাবে ‘মারজাভা’ ছবিতে আইটেম গার্ল রূপে। আগামীতে নুসরাত বারুচার আরো দুটি সিনেমা ‘তুররাম খান’ ও ‘হারুডাঙ্গ’ আসছে।