‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমাদের অবস্থান সবসময় পরিষ্কার’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪

মিশা সওদাগর। এখনো ঢাকাই সিনেমার প্রাণ এই মানুষটি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি চলচ্চিত্রশিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবেও কাজ করে যাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিনোদন প্রতিদিনের সঙ্গে নতুন সিনেমা ও সমিতির নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বললেন। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

খুব একটা ভালো নেই। কিছুদিন হলো যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি। কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছি।

 

দেশের ফিরে এখনকার ব্যস্ততা?

সিনেমার ব্যস্ততা চলছে। ‘আগুন’ সিনেমার শুটিং শুরু করেছি। আগামী মাস থেকে ‘বীর’ সিনেমার শুটিং শুরু হবে। এছাড়াও আরো অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছি। সেগুলোর শুটিং শুরু করবো এক এক করে।

 

শিল্পী সমিতির নির্বাচনের সময় এরইমধ্যে পার হয়েছে। কিন্তু এখনো নির্বাচন নিয়ে কোনো ঘোষণা আপনারা দেননি। এর কারণ কী?

এর কারণ অবশ্য জানানো হয়েছে। মূলত আমরা শোকের মাসে নির্বাচন করতে চাইনি। তাই আগস্টে নির্বাচনের কথা থাকলেও সেটি আমরা ১ মাস পিছিয়েছি। কিছুদিনের মধ্যে আমরা সবাই বসে নির্বাচনের দিন ঠিক করবো। দেশের বাইরে যাওয়ার আগে এ নিয়ে আমরা অনেককিছুই ঠিক করে রেখেছি। এখন সব চূড়ান্ত করে অক্টোবরে আমরা নির্বাচনের সময় নির্ধারণ করবো।

 

নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় অনেকেই সমালোচনা করেছেন। তাহলে এই বিষয়ে কী বলবেন?

এসব সমালোচনার কোনো অর্থ আমি জানি না। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমাদের অবস্থান সবসময় পরিষ্কার। নির্বাচনে কেন দেরি করছি সেটিও আমরা জানিয়েছি। এরপরও যদি সমালোচনা হয় তাহলে সেটি ভিত্তিহীন আমার মনে হয়।

 

প্রতিবছর সিনেমার সংখ্যা কমছে, তেমনি ঈদেও সিনেমার সংখ্যা দিনদিন কমছে। এর কারণ কী মনে করেন?

এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমার হাতে প্রায় ১০টি সিনেমা রয়েছে, সেখানে সিনেমা কম হচ্ছে এমনটা তো আমি বলতে পারি না। আমি একজন অভিনয়শিল্পী, আমার কাজটা আমি সততার সঙ্গে করার চেষ্টা করি।