গৌরীপুরে ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ মেম্বার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে ইউপি সদস্য মোঃ মোস্তাকীম মিয়ার (৩৫) দুই পা ও এক হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ইউপি সদস্য স্বপন মিয়া। বৃহস্পতিবার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে বাসা-বাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় হামলার এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত ইউপি সদস্য মোস্তাকীমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিনই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্বপন মেম্বারের পিতা সাহেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বোকাইনগর ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।