টলিউডের আরো একটি ছবিতে জ্যোতিকা জ্যোতি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬

 বিনোদন রিপোর্ট

 

‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ চলচ্চিত্রটির প্রচার ও প্রিমিয়ারের জন্য কলকাতা যাচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ২০ সেপ্টেম্বর ছবিটি ভারতে মুক্তি পাবে। নাটকে নিয়মিত অভিনয় করলেও ভিন্নধারার চলচ্চিত্রে বরাবরই লাকি জ্যোতি। ভালো গল্প আর টিম ওয়ার্কের পাশাপাশি নিজের মেধাকে উজাড় করে দিয়েছেন তিনি তার প্রতিটি ছবিতে। জ্যোতি অভিনীত প্রায় সব ক’টি চলচ্চিত্রই সমালোচকদের কাছে ভুয়সী প্রশংসা কুড়িয়েছে।

ভারতের প্রখ্যাত নির্মাতা প্রদীপ ভট্টাচার্য্যের নির্মাণে জ্যোতিকা জ্যোতি এই ছবিতে কাজ পাওয়া নিয়েও অনেকে ঈর্ষার গল্প ফাঁদছেন। ছবিতে জ্যোতির কো-আর্টিস্ট কলকাতার এ সময়ের সবচেয়ে দামি অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। 

তবে ঈর্ষার গল্পে খুব একটা কান দেন না জ্যোতি। বরং এরই এমন দারুণ একটি ছবিতে কাজের জন্য জ্যোতিকে শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান, ভাবনা, বন্যা মীর্জাসহ অনেকেই। জ্যোতি বলেন, ‘ছবিটি নিয়ে স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশার জায়গাটা বেশি। তবে নিজের অভিনয়ের প্রতি আত্মবিশ্বাস থেকেই বলবো, সেটেই আমার নির্মাতাসহ টোটাল প্রডাকশন আমার জাত চিনেছেন। শিল্পীদের মূল মুন্সিয়ানা শুরু হয় তো ক্যামেরাটা অন হওয়ার পর। তাই আমি বলবো ছবিটি দেখে আমার চিরশত্রুও ভালো বলবেন আমাকে। এ আমার দৃঢ় বিশ্বাস। বাকিটা দর্শকদের ওপরে। তবে আমি চাই ছবিটি বেশিসংখ্যক দর্শক দেখুক। ফেস্টিভ্যালে তো যাবেই। কিন্তু তার বাইরে আমার দেশে ছবিটি মুক্তি পেলে আমার সবচেয়ে বড় প্রাপ্তিযোগ মনে হবে।’ এদিকে জ্যোতিকা জ্যোতি ভক্তদের জন্য একটি দারুণ খবর হলো কলকাতার আরো একটি বড় প্রডাকশনে কাজ করতে যাচ্ছেন তিনি। প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত। কিন্তু ছবিটি সেটে না গড়ানো পর্যন্ত মুখ খুলছেন না তিনি। জ্যোতি বলেন, ‘সব আগে বলে দিতে নেই। আর রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিটি চলাকালীন আমি অন্য কোনো ছবি নিয়ে কথা বলতে রাজি নই।’

উল্লেখ্য, টলিউড ছাড়াও দেশে মাসুদ পথিকের ‘মায়া’ ছবির অন্যতম একটি চরিত্রে কাজ করেছেন তিনি।