বেড়ায় বিএনপির হামলায় আওয়ামী লীগের আটজন আহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়ার আমিনপুরে বিএনপির হামলায় ইউনিয়ন চেয়ারম্যান মিরোজ হোসেনসহ আটজন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আমিনপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার পাবনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব মনোনয়ন নিয়ে এলাকায় আসায় তার সমর্থকরা মাসুমদিয়া বাজারে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা চলাকালীন আওয়ামী লীগ নেতা মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিরোজ হোসেন কিছু নেতাকর্মীসহ ২নং ওয়ার্ডের কমিটি গঠন করতে সভার পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় সভাস্থল থেকে কয়েকজন তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে ও হামলা চালায়। এরপর খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের ধাওয়া দিলে তারা পিছু হটে। এ সময় বিএনপি কর্মীদের হামলায় মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিরোজ হোসেন, অর্জুন, নজরুল ইসলাম, আলম মোল্লা, মানিক হোসেনসহ আটজন আহত হয়। খবর পেয়ে আমিনপুর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে সন্দেহভাজন আটজনকে আটক করা হয়। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চারজনকে চিকিত্সা দিয়ে বাড়িতে পাঠানো হয় এবং চারজনকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।