সারদার থেকে নেওয়া ৩১ লাখ টাকা ফেরত দিলেন ভারতের অভিনেত্রী বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মঙ্গলবার প্রায় ৩১ লাখ টাকার ব্যাংক ড্রাফট তিনি পৌঁছে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দপ্তরে। খবর আনন্দবাজার পত্রিকার
সম্প্রতি শতাব্দী রায়কে সারদাকাণ্ডে জেরা করতে চেয়ে ইডি আধিকারিকরা তাকে তলব করেন। এর পরেই পালটা চিঠি দিয়ে টাকা ফেরতের ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে শতাব্দী রায়কে ফোন করা হলে তিনি বলেন, ‘পারিশ্রমিক বাবদ টাকা পেয়েছিলাম। সেই টাকা ফেরতও দিয়ে দিলাম। গরিব মানুষরা যাতে টাকা ফেরত পান, সে কথাই বলেছি ইডিকে।’
২০১৫ সালে সারদাকাণ্ডে অভিনেতা মিঠুন চক্রবর্তীও ১ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৫৬০ টাকা ফিরিয়ে দিয়েছিলেন ইডিকে। তখন তিনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন। মিঠুন টাকা ফেরতের বিষয়ে ইচ্ছা প্রকাশের পর ইডি আধিকারিকরা তার সঙ্গে কথা বলেন। পরে ঐ অঙ্কের একটি ড্রাফট তিনি তার আইনজীবীর মাধ্যমে ইডির কাছে পৌঁছে দেন।
ইডি সূত্রে খবর, সারদা গোষ্ঠির একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী। তার সঙ্গে কত টাকার চুক্তি হয়েছিল, সে বিষয়ে জানতে চেয়ে তাকে নোটিশ পাঠানো হয়। জানা গেছে, এ দিন কুরিয়ারের মাধ্যমে ঐ ৩১ লাখ টাকার ব্যাংক ড্রাফট পৌঁছে দেওয়া হয় ইডি দপ্তরে।
