ইরান জানিয়েছে ব্রিটেনের পতাকাবাহী আটককৃত তেল ট্যাংকারের ২৩ জন ক্রুর মাঝে মানবিক কারণে সাত জনকে মুক্তি দেওয়া হবে। তেলের ট্যাংকারটির মালিক সুইডেন। মুক্তি পেতে যাচ্ছে এমন সাত নাবিকের মাঝে পাঁচ জন ভারতীয়, এক জন লাটভীয় এবং এক জন রুশ। গত জুলাইয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় হরমুজ প্রণালী থেকে ট্যাঙ্কারটি আটক করে ইরান।
সিরিয়ায় ইরানি তেল নিয়ে যাচ্ছে এই সন্দেহে একটি ট্যাংকারকে জিব্রাল্টার উপকূলে আটক করেছিল ব্রিটেন এবং সে সময় এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। তখন থেকেই বিশ্লেষকরা আশঙ্কা করছিলেন যে এরকম কিছু ঘটতে পারে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভিদ জারিফ এক টুইটে বলেছেন, ব্রিটেনকে আমেরিকার ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদের’ সঙ্গী হবার পথ ছাড়তে হবে। তিনি ব্রিটেন জিব্রাল্টারে যা করেছে তাকে ‘জলদস্যুতা’ বলেও আখ্যায়িত করেন। ব্রিটেন ছাড়াও জার্মানি ও ফ্রান্স জাহাজটি ছেড়ে দেওয়ার দাবি করে। স্টেনা ইম্পেরো নামের ট্যাংকারটির মালিক জানায়, শুক্রবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানের রেভল্যুশনারি গার্ড তাদের জাহাজটিকে আটক করে নিয়ে যায়।
