পরীক্ষার্থীর খাতায় উত্তর লেখার অভিযোগে সহকারী শিক্ষা অফিসারসহ গ্রেফতার চার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারীতে সাতজন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর খাতায় নতুন করে উত্তর লেখার অভিযোগে উপজেলা সহকারী শিক্ষা অফিসারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। পরে অভিযুক্তদের গ্রেফতার দেখায় পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহেদুল ইসলাম, অফিস সহায়ক মোঃ সাদ্দাম হোসেন, উপজেলার গোয়ালগ্রামে অবস্থিত সাক্সেস মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু মুসা ও সৃজন শিক্ষা মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু শাহিন মিলে রাতের আঁঁধারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কক্ষে ঢুকে এ কাজ করেন। অবশ্য গোপনে পরীক্ষার খাতায় পুনরায় লিখে দিতে কেউ না দেখলেও সাতজন পরীক্ষার্থীর খাতায় একই হাতের লেখা হওয়ায় পরীক্ষকের সন্দেহ হয়। পরীক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী (পিয়ন) সাদ্দাম হোসেনকে ডেকে নেন ইউএনও দীপঙ্কর রায়। পিয়ন সাদ্দামের কাছ থেকে সমাপনী পরীক্ষার খাতার বিষয়ে জানতে চেষ্টা করেন তিনি। সাদ্দামের দেয়া তথ্যের ভিত্তিতে সহকারী শিক্ষা অফিসার শাহেদুল ইসলামকে ইউএনও কার্যালয় উপস্থিত করা হলে ঘটনার সত্যতা মেলে। ঘটনার সঙ্গে জড়িত দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরও নাম উঠে আসে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হবে। রৌমারীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় বলেন, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষা কর্মকর্তাসহ চারজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।