পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার ইউএস ওপেন থেকে আগাম বিদায় নিয়েছেন। সুইস তারকাটির দুর্ভাগ্যের রাতে অবশ্য রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস।
গ্রিগর দিমিত্রভ ৩-৬ ৬-৪ ৩-৬ ৬-৪ ৬-২ গেমের এ নাটকীয় লড়াইয়ে হারান ফেদেরারকে। খেলাটির শেষদিকে ৩৮ বছরের ফেদেরারকে পিঠের ব্যথার জন্য শুশ্রূষা নিতে হয়েছিল। বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়টি পরে বলেন,‘পুরো সময় জুড়েই এটা আমাকে ভোগাচ্ছিল। তবে আমি খেলতে সক্ষম হই।’
বুলগেরীয় দিমিত্রভ এ জয়ে শেষ চারে পঞ্চম বাছাই রাশিয়ার ড্যানিল মেদভেদেভের মুখোমুখি হবেন। ২৮ বছরের এ খেলোয়াড়টি বলেন, ‘শেষদিকে সে তার সেরা অবস্থানে ছিল না। আমি প্রাপ্ত সুযোগের সর্বোচ্চ ফায়দা লুটি।’
বিশ্বের ৭৮ নম্বর খেলোয়াড় দিমিত্রভের তাক লাগানো জয়ে আগামী রবিবারের ফাইনালে অন্তত একজন নতুন ফাইনালিস্টের দেখা মিলবে।
এবারের আসরের তৃতীয় বাছাই ফেদেরার এ নিয়ে টানা দ্বিতীয় বছর বিশ্ব র্যাংকিংয়ে ৫০ এর বাইরে থাকা কারো কাছে হারলেন। গেলবার তিনি শেষ ষোলয় হেরেছিলেন অস্ট্রেলিয়ার জন মিলমানের কাছে। এর আগে নিউইয়র্কের এ গ্র্যান্ড স্ল্যামে ফেদেরার এমন কারো কাছে হারেননি। ফেদেরারের বিদায়ে সুবিধা হলো—তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের। এখন তিনবারের চ্যাম্পিয়ন নাদালই হলেন—ট্রফি জয়ে জোর ফেভারিট। কেননা আরেক ফেভারিট নোভাক জকোভিচও ইতিমধ্যে বিদায় নিয়েছেন। গতকালই তার শেষ চারে ওঠার লড়াইয়ে কোর্টে নামার কথা ছিল। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যান। দ্বিতীয় বাছাই স্প্যানিশটি খেলার আগে জানিয়েছিলেন তিনি সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করবেন।
নিজের ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে থাকা ফেদেরারের বিদায়ে ইউএস ওপেনে প্রথমবারের মতো নাদালের সঙ্গে যে মুখোমুখিতার সম্ভাবনা দেখা দিয়েছিল তা ভেস্তে গেল।
এদিকে সেরেনা উইলিয়ামস অনায়াস জয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লামটির সেমিফাইনালে যোগ দিলেন। চীনের ওয়েং কিয়াংকে মাত্র ৪৪ মিনিটে হারিয়ে দেন তিনি। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩৭ বছরের এই আমেরিকান ৬-১ ও ৬-০ গেমে হারান ১৮তম বাছাই কিয়াংকে।
ইউএস ওপেনের অষ্টম বাছাই সেরেনা রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য লড়ছেন। এ ট্রফি জয়ে অস্ট্রেলিয়ান মারগারেট কোর্টের সর্বকালের রেকর্ডটির সমকক্ষ হবেন সেরেনা।
সেমিফাইনালে তার বিপক্ষ পঞ্চম বাছাই ইউক্রেনের এলিনা সভিতোলিনা। এলিনা শেষ চারে যোগ দেন বৃটেনের জোহানা কোন্তাকে হারিয়ে। সেরেনা খেলা শেষে বলেন, ‘যখন আমি ভালো খেলছে এমন কারো মুখোমুখি হই, সে সময়ে আমাকে আরো তত্পর হতে হয়। নইলে বাড়ি ফিরে যেতে হয় এবং আমি বাড়ি ফিরে যেতে প্রস্তুত নই।’ ইউএস ওপেনে এককে নিজের শততম জয়ের পর কথাগুলো বলেন তিনি।
