স্পেন কোচ এনরিকে ফিরলে সরে দাঁড়াবেন মোরেনো

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

স্পেন কোচ রবার্ট মোরেনো জানিয়েছেন লুইস এনরিকে আবার কখনো যদি এই দায়িত্বে ফিরতে চান, তাহলে তিনি সরে দাঁড়াবেন।

লুইস এনরিকে গত জুনে ব্যক্তিগত কারণে স্পেনের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এরপর গত সপ্তাহে জানান যে ‘হার্টের ক্যান্সার’ এ তার নয় বছরের কন্যা যানা’র মৃত্যু হয়েছে। ৪৯ বছর বয়সি এই কোচ ১১ মাস স্পেনের জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন। এনরিকে সরে দাঁড়ানোর পর তার দীর্ঘদিনের সহকারী রবার্ট মোরেনো কোচ হন স্পেনের।

মোরেনো বলেছেন,‘যদি লুইস কোনো এক দিন ফিরে আসতে চায় আমি সানন্দে সরে দাঁড়াব এবং তার সঙ্গে কাজ করব। আমি লুইসকে বন্ধুই মনে করি এবং বন্ধুত্ব সব কিছুর আগে।’

এনরিকে সরে দাঁড়ানোর পর কোচ হিসেবে প্রথমে অস্থায়ী ভিত্তিতে এনরিকের শূন্যস্থান পূরণ করেন মোরেনো। এ সময়ে টানা তিন ম্যাচ জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। পরবর্তীতে মোরেনোকে স্থায়ীভাবে দায়িত্বটি দেওয়া হয়।

বর্তমানে মোরেনো ইউরো ২০২০ এর বাছাই পর্বে রোমানিয়ার মোকাবিলায় স্পেন দলকে প্রস্তুত করছেন। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে খেলাটি। এরপর আগামী রবিবার ফেরো আইল্যান্ডের সঙ্গে নিজ মাঠে খেলবে স্পেন।

বার্সেলোনাকে ২০১৫ সালে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এনরিকে মেয়ের মৃত্যুতে ফুটবল বিশ্ব থেকে ব্যাপক সমবেদনা পান।