নারী হকি খেলোয়াড়রা সিঙ্গাপুর পৌঁছেছে। রাত্রী, সাথী, মনি, মুন্নী, নাদিয়া, সাদিয়া, নমিতা, তারিন, মিম, অর্পিতাদের চোখে মুখে অন্যরকম একটি উত্তেজনা। খেলোয়াড় হয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যাওয়া এইসব মেয়েদের জীবনে যা ছিল অকল্পনীয়। হকি খেলতে এসে এইসব নারীদের জীবনের চিন্তাভাবনা বদলে গেছে। চোখে দেশের জন্য কিছু করার স্বপ্ন এঁকেছেন তারা। দেশ থেকে যাওয়ার আগে সেই স্বপ্নের কথাগুলো শুনিয়ে গেছেন রিতু, সুমি, স্বর্ণ, মুক্তা, জয়ীতারা।
টানা কয়েক মাস রোদ বৃষ্টিতে পুড়ে হকির টার্ফে অনুশীলন করেছেন যারা এবার তাদের মেলে ধরার পালা। সিঙ্গাপুরে শুরু হচ্ছে এশিয়ান জুনিয়র এ এইচ এফ কাপ (অনূর্ধ্ব-২১) হকি টুর্নামেন্ট। ৯ হতে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সেই টুর্নামেন্টে খেলতে গতকাল সকালে ঢাকা থেকে উড়াল দিয়ে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশের নারী হকি দল। ঢাকা হতে জানা গেল রাজধানীর বাইরে জন্ম নেওয়া বেড়ে উঠা মেয়েরা বিমানে উঠার আগে ছিল দারুণ উচ্ছ্বাস। সিঙ্গাপুরে পৌঁছে তারা যেন আধুনিক শহর দেখে আরো বেশি মুগ্ধ। এই শহরে খেলতে হবে, লড়াই করতে হবে দেশের পতাকা মাথায় রেখে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে আজ থেকে প্রস্তুতি নিতে শুরু করবে মেয়েরা। আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক দেশ সিঙ্গাপুরের বিপক্ষে। গ্রাম-বাংলার পরিবেশে বেড়ে উঠা বাংলাদেশের নারী হকি খেলোয়াড়রা লড়বে সিঙ্গাপুরের আধুনিক শহরে জন্ম নেওয়া আধুনিক পরিবেশে বেড়ে উঠা এবং সব সুযোগ-সুবিধা পাওয়া নারী খেলোয়াড়দের বিপক্ষে। বাংলাদেশের সেরকম কোনো অভিজ্ঞতা নেই। পেরে উঠবে না সেটাও সহজেই অনুমান করা যায়। তারপরও এই মেয়েদের মধ্যে শপথ এবং জেদ রয়েছে। প্রতিপক্ষ যেন উড়িয়ে দিতে না পারে। অন্য দলগুলো হচ্ছে হংকং, শ্রীলঙ্কা, চাইনীজ তাইপে এবং উজবেকিস্তান। নেপাল নাম প্রত্যাহার করে নিয়েছে।
