বড়ালের বুকে আনন্দ ভ্রমণ!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

১০ টাকায় নৌকা ও ৬০ টাকায় স্পিডবোট

বেড়া (পাবনা) সংবাদদাতা

বর্ষার জলে এখন যমুনা নদীর শাখা বড়াল জলে পরিপূর্ণ। তাকালে এপাশ ওপাশ দেখা যায় না। এই সৌন্দর্য উপভোগ করতে মাত্র দশ টাকায় নৌকা ভ্রমণের সুযোগ পেয়ে আনন্দিত ভ্রমণপিপাসুরা। চলতি বছর নৌকা ভ্রমণের পাশাপাশি স্পিডবোটে ঘুরে বেড়ানোর সুযোগও তৈরি হয়েছে। তবে কয়েক মুহূর্তের জন্য ভাড়া জনপ্রতি ৬০ টাকা। অল্প সময়ের জন্য হলেও যারা স্পিডবোটে কোনোদিন চড়েননি তারা বিশেষ করে শিশু-কিশোররা স্পিডবোটে চড়ছে। একপাশে বড়াল, অন্যপাশে ইছামতি নদী। মাঝখানে বেড়া নৌবন্দর। বর্ষার সময় দুই নদীতেই পানি থাকে। মাঝে মাঝে আবছা মতো দুএকটা গ্রাম, তারপর আবার জলরাশি। সন্ধ্যা হলেই সেসব গ্রামে অল্প অল্প আলো দেখা যায়। এ অপূর্ব দৃশ্য দেখে যে কারো মন ভরে যাবে। তাই দূর-দূরান্ত থেকে এখানে কিছুটা সময় বিশ্রাম নিতে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে। বিশেষ দিনের ছুটি ছাড়াও প্রতি শুক্রবার ভিড় নামে ভ্রমণপিপাসুদের। নৌকার মাঝিরাও এ সময়ের জন্যই যেন অপেক্ষা করে থাকে।

স্বামী-সন্তান নিয়ে ঘুরতে আসা স্কুলশিক্ষিকা সুমি পারভিন জানান, নৌবন্দরের এ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেই প্রতি শুক্রবার বেড়াতে আসি। সেই সঙ্গে দশ টাকা দিয়ে নৌকা ভ্রমণও করি। এতে বাড়তি আনন্দ পাই। নৌকার মাঝি হারুণ শিকদার বলেন, অন্য সময়ে তো তেমন কাজ নেই। এই সময়ে সারা বছরের আয় হয়। মাথাপিছু দশ টাকা করে একবারে ৪০০/৫০০ টাকা আয় হয়। প্রায় একঘণ্টা নদীর বুকে ঘুরিয়ে তবেই পাড়ে নৌকা ভেড়ান। এতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালোই আয় হয়। নিজ জেলার বাইরে থেকেও বাস ভাড়া করে বড়ালের এ সৌন্দর্য উপভোগ করতে মানুষ এখানে জড়ো হয় বলে জানান তিনি।