ধলাই নদীতে সেতু নেই
নূরুল মোহাইমীন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে ধলাই নদী পাড়ি দিয়ে যাতায়াতে কোনো সেতু না থাকায় কাটাবিল ঘাট দিয়ে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ সকল ধরনের মানুষ ঘাট দিয়ে পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ধলাই নদীর ওপর সেতু না থাকায় দুপাশের তেরোটি গ্রামের কয়েক হাজার লোক এ দুর্ভোগের শিকার হচ্ছেন। নদীর কাটাবিল ঘাটে একটি সেতু নির্মাণে দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, ভারত থেকে নেমে আসা আঁকাবাঁকা ধলাই নদীর উভয় পাশে একাধিক গ্রাম রয়েছে। কাটাবিল, বনগাঁও, জালালপুর, পশ্চিম জালালপুর, হকতিয়ারখোলা, মাধবপুর, শ্রীগোবিন্দপুর, উত্তরভাগ, মধ্যভাগ, নোয়াগাঁও, মদনপুর, মদনমোহনপুর, কেওয়ালিঘাট, পাত্রখোলা খাসিয়া পুঞ্জিসহ ১৩টি গ্রামের লোকজন ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ কাজে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এসব গ্রামের শিক্ষার্থী ও জনসাধারণকে পণ্যদ্রব্য নিয়ে কয়েক কিলোমিটার ঘুরে যাওয়া-আসা করতে হয়। এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।
সরেজমিনে দেখা যায়, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের যোগাযোগ রক্ষাকারী কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে কাটাবিল গ্রামে ধলাই নদীর ওপর সেতু না থাকায় মানুষের ভোগান্তি চরমে। খরস্রোতা ধলাই নদীতে মানুষ পারাপারের জন্য বাঁশের সাঁকোও নেই। নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা দিয়েই মানুষের যাতায়াত করতে হয়।
কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, মাধবপুর বাজারের সমাজকর্মী আসহাবুর ইসলাম বলেন, কাটাবিল গ্রামে ধলাই নদীতে একটি সেতু না থাকায় নদীর দুপাড়ের ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। অচিরেই এখানে সেতু নির্মাণ করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। স্কুল শিক্ষিকা রুমা রানি সিনহা বলেন, ‘ব্রিজ না থাকায় নৌকা দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়। মালামাল নিয়ে যেতে ১৩ কিলোমিটার ঘুরে যাওয়া-আসা করতে হয়।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, কাটাবিলে দীর্ঘদিন যাবত্ সেতু নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। নৌকা দিয়ে ঝুঁকি নিয়েই স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার করতে হচ্ছে। এই সেতুতে কোনো যানবাহন চলাচল করতে পারে না বলে মালামাল পরিবহনেও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুটি ইউনিয়নের মানুষের চলাচলের এ দুর্ভোগ দীর্ঘদিনের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী মামুন ভুঁইয়া বলেন, কাটাবিল এলাকায় ধলাই নদীর ওপর একটি সেতু প্রয়োজন। এ বিষয়ে একটি প্রস্তাব অধিদপ্তরে পাঠানো হবে।
