স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলার নেতৃবৃন্দ।
রংপুর জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর দেওয়া আবেদনপত্রের মাধ্যমে এ দাবি জানানো হয়।
শারদীয় দুর্গা উত্সব চলাকালীন রংপুর-৩ আসনের উপনির্বাচনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভোট প্রদানে বিঘ্ন ও উত্সবে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
এ ব্যাপারে পরিষদের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোত্সব শুরু হবে। পরের দিন পূজার সপ্তমি। ঐদিন উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রংপুর সদর ও মহানগরীর হিন্দু সম্প্রদায়ের ৭০ হাজার ভোটারের ভোট প্রদানে বিঘ্ন ঘটবে।’
