জগন্নাথপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

জগন্নাথপুর  (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে লিয়াকত আলী (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মো. হুচন আলীর ছেলে। মঙ্গলবার পুলিশ নাদামপুর এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গ্রেফতার করে। গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট রাত ৮টায় ঐ গৃহবধূর ঘরে ঢুকে অভিযুক্ত যুবক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এলে লিয়াকত আলী পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে গৃহবধূ রেসনা বেগমের দায়েরকৃত মামলায় আসামি লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়েছে।

এক ব্যক্তির লাশ উদ্ধার

জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জায়ফর আলী (৬১) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ঐ এলাকার মৃত আমতর আলীর ছেলে। বুধবার ভোররাতে পরিবারের লোকজন জায়ফর আলীকে ঘরের তীরের সঙ্গে ফাঁস লাগানো দেখে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।