জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলায় বুধবার সকালে বাড়িতে রেখে লালনপালনকারী আপন নাতির হাতে খুন হয়েছেন নানা। নিহতের নাম বেলাল হোসেন (৬৫)। পুলিশ নাতি বাইজিদকে (২২) গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদরের সগুনা গোপিনাথপুর গ্রামের লিটন মিয়ার ছেলে বাইজিদ হোসেনকে করিমনগরের নিজ বাড়িতে রেখে লালনপালন করেছেন বেলাল হোসেন। বাইজিদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে জানায় প্রতিবেশীরা। ঘটনার দিন নানার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে বাইজিদ বঁটি দিয়ে তার মাথায় কোপ দিলে গলা পর্যন্ত কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় প্রতিবেশীরা বাইজিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় বেলাল হোসেনের ছেলে রেজুয়ান হোসেন বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলায় করেছেন বলে জানান জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) রাইহান ইসলাম।
